উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুলায়মান আল মাহমুদ : ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও রংপুর সামাজিক বন বিভাগের উলিপুর বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫০টি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈবনে আবু সাঈদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান আলীসহ স্থানীয় সুধীজন, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিকরা।
বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। দেশের সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের এ বৃহৎ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, “আজ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পরিবেশ সুরক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
কমেন্ট বক্স