৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

​পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে জনদুর্ভোগ চরমে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা

আপলোড সময় : ১৬-০৬-২০২৬
​পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে জনদুর্ভোগ চরমে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা ময়লার স্তূপে জনদুর্ভোগ

মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর : পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক,অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে  জমে থাকা ময়লার স্তুূপে অতিষ্ঠ পৌরবাসী। নিয়মিত বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে শহরের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে আবর্জনার স্তূপ। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা না থাকায় যত্রতত্র জমে থাকা ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর বর্জ্যের একটি বড় অংশ এখনও বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। এসব বর্জ্য পচে গলে অসহনীয় দুর্গন্ধ সৃষ্টি করছে এবং মশা,মাছিসহ নানা রোগজীবাণুর বিস্তার ঘটাচ্ছে। এতে করে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে।

পৌরবাসীর অভিযোগ, তাদের  কাছ থেকে নিয়মিত কর আদায় করা হলেও কেন তারা ন্যূনতম পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ থেকে বঞ্চিত হবেন? শুধু নামেই পৌরসভা থাকলেই হবে না, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

স্থানীয়দের দাবি,অতি দ্রুত সময়ের মধ্যে শহরের সব এলাকায় জমে থাকা ময়লা ও কোরবানির বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার এবং দায়িত্বে অবহেলার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সাধারণ  ভুক্তভোগী পৌরবাসী।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ