শ্রীপুরে ৭ লাখ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪৬ কেজি গাঁজা উদ্ধার
মোফাজ্জল হোসেন, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার (১৬ জুন) রাত সোয়া ১১ টার দিকে শ্রীপুরে পৌরসভার সবুজবাগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীরা হলেন রুমান (৩২) এবং মহসীন (৪০)।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, র্যাব তথ্য প্রযুক্তি এবং র্যাব সদর দপ্তরের সহায়তায় জানতে পারে শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার (ফরেস্ট রেঞ্জ অফিসের পিছনে) খালেক গার্ডের বাড়িতে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীরা রুমান ও মহসীনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা হতে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স