৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​সংস্কারের অভাবে চুনারুঘাটের বাসুল্লা সড়কে বড় বড় গর্তে আটকে যাচ্ছে যানবাহন

আপলোড সময় : ২০-০৬-২০২৬
​সংস্কারের অভাবে চুনারুঘাটের বাসুল্লা সড়কে বড় বড় গর্তে আটকে যাচ্ছে যানবাহন চুনারুঘাটের বাসুল্লা সড়কে বড় বড় গর্তে আটকে যাচ্ছে যানবাহন

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার থেকে বাসুল্লা পর্যন্ত সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এই সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় বড় বড় খানাখন্দ তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। বর্তমানে সড়কের পিচ ও ইট উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কারণ হচ্ছে। সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। যানবাহনের চালকেরা জানান, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সড়কটির দুরবস্থার কথা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সামনে বর্ষা মৌসুম শুরু হতে চলায় তাদের আতঙ্ক আরও বেড়েছে। এলাকাবাসীর প্রশ্ন, সাধারণ মানুষের এই দীর্ঘদিনের কষ্ট দেখার কি কেউ নেই? তারা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ যোগাযোগের নিশ্চয়তা চেয়েছেন। জানতে চাইলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, সড়কটির বেহাল দশার বিষয়ে তারা অবগত আছেন। এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ