হিমাগারে সংরক্ষিত আলুর কেজি ৫টাকা করার দাবীতে মানববন্ধন
হিমাগারে সংরক্ষিত আলুর কেজি ৫টাকা করার দাবীতে মানববন্ধন
তৈয়ব আলী সরকার, নীলফামারী: হিমাগারে (কোল্ড স্টোরেজে) আলু রাখার ভাড়া প্রতি কেজি পাঁচ টাকা করার দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছেন আলু ব্যবসায়ী ও কৃষকরা। গতকাল রবিবার (২১ জুন) দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন করেন আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডির ব্যানারে। সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন। বক্তারা বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু বাজারে দাম নেই। বাধ্য হয়ে হিমাগারে সংরক্ষণ করতে হয় ভালো দামের আশায় কিন্তু হিমাগার মালিকরা বাজারদর খারাপকে পুঁজি করে হিম ঘরের ভাড়ায় বাড়ায়।
বর্তমানে কেজি প্রতি ৭টাকা করে ভাড়া নির্ধারণ করে। ৬৫ কেজির আলুর বস্তা ভাড়া নিচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। অথচ হিমা ঘরে আলু রাখতে কেজি প্রতি খরচ পড়ে ৩ থেকে সাড়ে ৩ টাকা।
কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, কৃষকদের ওপর অত্যাচার করা হচ্ছে। আলুর দাম এমনিতে কম তার উপর আমরা পড়েছি সিন্ডিকেটের কবলে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার আমরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি। তিনি বলেন, আমরা চাই গোটা দেশের হিমাগারগুলোতে আলুর প্রতি কেজি ভাড়া ৫টাকা করে করা হোক।
জেলা কৃষি বিপণণ কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, নীলফামারী জেলায় ১১টি আলুর হিমাগার রয়েছে।
কমেন্ট বক্স