০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮

আপলোড সময় : ২২-০৬-২০২৬
মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮

মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শেরপুরে চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। পৃথক দুই অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জুন) রাতে শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি আইসার ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ প্রায় ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের চোরাচালানকৃত পণ্য উদ্ধার করা হয়। 

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এরপর রোববার (২২ জুন) সকালে একই এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। উদ্ধারকৃত কম্বলগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

এ ঘটনায় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, “চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।” 

পুলিশের দাবি, সীমান্তবর্তী জেলা হিসেবে মৌলভীবাজারে চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক এই দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ হওয়ায় চোরাচালান চক্রের বিরুদ্ধে কার্যকর বার্তা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ