এলজিইডির চার মেগা প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে বিতর্ক
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের নাম প্রস্তাবের অভিযোগ
সংগৃহীত ছবি
গোপনে প্রস্তাব পাঠানোর অভিযোগ; স্বচ্ছতা, জ্যেষ্ঠতা ও যোগ্যতা উপেক্ষার দাবি কর্মকর্তাদের
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহলের তৎপরতায় গত ১৮ জুন স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত সাক্ষাৎকারের জন্য গোপনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের চার নেতার নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে অধিদপ্তরের অধিকাংশ কর্মকর্তা অবগত ছিলেন না বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পিডি নিয়োগের জন্য প্রেরিত প্রস্তাব-সংক্রান্ত নথিপত্রও এলজিইডিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্র মতে, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আমিরুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ছাত্রলীগ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক তদন্ত প্রতিবেদনে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ কারণেই তাকে নির্বাহী প্রকৌশলী পদে স্থায়ীভাবে পদায়ন করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে প্রস্তাব করা হয়েছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কমিটির ৪৮ নম্বর সদস্য মো. শাহজাহান আলীর নাম। শেখ হাসিনা সরকারের সময়ে তিনি গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও এনএসআই প্রতিবেদনে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে তিনি এলজিইডি সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত আছেন।
হাওর অঞ্চলের উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) পিডি হিসেবে প্রস্তাব করা হয়েছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কমিটির ৪৯ নম্বর সদস্য এবং কুয়েট ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. ফেরদৌস আহমেদের নাম। তিনি শেখ হাসিনা সরকারের সময়ে সিলেট জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলীসহ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন। তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও এনএসআই প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
এদিকে, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পিডি হিসেবে প্রস্তাব করা হয়েছে মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেকের নাম। তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মির্জা আজমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
সংশ্লিষ্টদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক প্রায় ১২ বছর জামালপুর জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী এবং পরে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর পিডি নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। গোপনে প্রস্তাব পাঠানো এবং নির্দিষ্ট একটি সংগঠনের নেতাদের অগ্রাধিকার দেওয়ার কারণে অধিদপ্তরের অভ্যন্তরে অসন্তোষ তৈরি হয়েছে।”
তাদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোতে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি, যাতে নিয়োগ নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্কের সুযোগ না থাকে।
কমেন্ট বক্স