মনু নদীর তীরে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সচেতনতামূলক পদযাত্রা
মতবিনিময় সভা ও সচেতনতামূলক পদযাত্রা
মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার : নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদী দিবস উপলক্ষে মৌলভীবাজারে শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ভয়েস অব রিভার মনু’।
বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের চাঁদনীঘাট শিশুকানন কিন্ডারগার্টেন হাই স্কুলের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সংগঠনের আহ্বায়ক আ.স.ম. সালেহ সুহেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্টাচার্য, শিক্ষক মুহিবুর রহমান, সংস্কৃতিকর্মী আজিজুর রহমান খান সালেহ এবং সাংবাদিক অলিদুর।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নদী রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মনু নদীর বর্তমান অবস্থা নিয়ে অতিথিদের বিভিন্ন প্রশ্ন করে। অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং নদী ও পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি মনু নদীর তীরে গিয়ে শেষ হয়। পরে নদীতীরবর্তী ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে মনু নদীর অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আ.স.ম. সালেহ সুহেলসহ আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, নদী কেবল একটি জলধারা নয়; এটি প্রকৃতি, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই মনু নদীসহ দেশের সব নদী রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
কমেন্ট বক্স