শক্তিশালী ভূমিকম্পের দুই দিন পর ভেনেজুয়েলার লা গুয়াইরায় ধ্বংসস্তূপের মাঝে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। ২৬ জুন ২০২৬। ছবি: হুয়ান পাবলো আরায়েস/এপি
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ৭২ ঘণ্টার সময় শেষের পথে। এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দঁড়িয়েছে। তবে দুর্ঘটনার পর তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ায় ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার তৎপরতায় বিশৃঙ্খলা, জনসমাগম এবং পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবে তাদের জীবিত উদ্ধারের প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।
ভেনেজুয়ায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়ার তিন দিন পরও স্বজনদের খোঁজে সাধারণ মানুষ নিজেরাই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন।
শুক্রবার রাতে কর্তৃপক্ষ ঘোষণা দেয়, উদ্ধার কার্যক্রমে বিশৃঙ্খলা ও যানজট বাধা হয়ে দাঁড়ানোয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ভূমিকম্পের কেন্দ্রস্থল লা গুয়াইরায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। এখন থেকে সেখানে প্রবেশ করতে হলে সরকারি অনুমতি নিতে হবে। তবে কারা প্রবেশের অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সরকারি উদ্ধারকর্মীর স্বল্পতার অভিযোগ তুলে নিখোঁজ স্বজনদের খোঁজে স্থানীয়রা নিজেরাই উদ্ধারকাজে নেমেছেন। বুধবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধার দলের উপস্থিতি খুব কম বলে স্থানীয়রা জানিয়েছেন, যদিও কর্তৃপক্ষ শক্তিশালী সরকারি তৎপরতার কথা বলছে।
সহায়তাকারী সংস্থাগুলোর মতে, ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধারের জন্য প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আটকে পড়াদের কাছে খাদ্য ও পানি থাকলে এই সময়সীমা কিছুটা বাড়তে পারে।
জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, ‘প্রতিটি মানুষকে জীবিত উদ্ধার করা অলৌকিক ঘটনার মতো। এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুই গোপন করব না।’
রাজধানী কারাকাসের উত্তরে লা গুয়াইরা অঙ্গরাজ্যে নাজারেথ হিমেনেজ প্রতিবেশীদের হাতুড়ি ও বৈদ্যুতিক যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়েন। তিনি অপেক্ষা করছিলেন তার ভাইবোন, ভাতিজা-ভাতিজি ও বন্ধুদের কেউ জীবিত বেরিয়ে আসবেন কি না।
হিমেনেজ বলেন, ‘হে ঈশ্বর, আমরা কীভাবে তাদের ওখান থেকে বের করব?’
তিনি সরকার ও বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, ‘এখনও সেখানে মানুষ জীবিত আছে।’ ধসে পড়া স্থাপনা সরাতে সক্ষম ভারী যন্ত্রপাতি পাঠানোরও আহ্বান জানান তিনি।
সরকারি বাহিনী লা গুয়াইরায় বেঁচে যাওয়া মানুষের মধ্যে খাদ্য ও পানি বিতরণ করছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, ‘জীবিত মানুষ উদ্ধারের জন্য এই সংকটময় সময়ে’ তার সরকার পূর্ণমাত্রার তৎপরতা চালাচ্ছে।
তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছানোকে স্বাগত জানান। রদ্রিগেজ বলেন, লা গুয়াইরায় সেনা মোতায়েন করা হয়েছে এবং আরও সহায়তা পাঠানো হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, এটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাধীন ডিজিটাল ডাটাবেজগুলোতে কয়েক হাজার মানুষের নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে। তবে এর মধ্যে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ করতে না পারা ব্যক্তিরাও থাকতে পারেন এবং কিছু তথ্য একাধিকবার অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে।
শুক্রবার দুপুর পর্যন্ত আহতের সংখ্যা ৩ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যার মধ্যে শুধু কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ের ব্যবধানে অগভীর গভীরতায় দুটি ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে।
মেক্সিকো, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সুইজারল্যান্ড ও কলম্বিয়াসহ বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকরা ভেনেজুয়ায় পৌঁছাতে শুরু করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ৮৬১ জন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সেখানে কাজ শুরু করেছেন এবং আরও সহায়তা পথে রয়েছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তারা উদ্ধারকারী দল ও সহায়তা সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।