০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

​নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

আপলোড সময় : ৩০-০৬-২০২৬
​নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ​নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দেশে নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিভাগীয় টিম, ময়মনসিংহের উদ্যোগে এবং অন্নচিত্র ফাউন্ডেশন ও বাংলাদেশ মহিলা পরিষদ, ময়মনসিংহের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন নারী সংগঠন, মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানবন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ এবং নারী হত্যার মতো ঘটনাগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব অপরাধ রোধে আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার বিকল্প নেই। তারা আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন। এ ধরনের অপরাধ প্রতিরোধে রাষ্ট্র, নাগরিক সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সকল ধরনের বৈষম্য, সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচিতে ফারজানা বেগম, সুফিয়া, সুবর্ণা রানী, শারমিন, মঞ্জুরা, শাহিদা আক্তার, সুমাইয়া আক্তারসহ বাংলাদেশ মহিলা পরিষদ, অন্নচিত্র ফাউন্ডেশন এবং বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ