০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব হলেন প্রফেসর এনামুল হক

আপলোড সময় : ০২-০৭-২০২৬
​স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব হলেন প্রফেসর এনামুল হক প্রফেসর এনামুল হক

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর মোঃ এনামুল হক। শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বোর্ডের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে গতকাল দুপুরে তিনি সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বোর্ড কার্যাল্যে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। 

এর আগে, গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর মোঃ এনামুল হককে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব পদে পদায়ন করা হয়। 

তিনি ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।১৯৯৯ সালে শিক্ষা ক্যাডারে যোগদানের পর থেকে তিনি দেশের বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন। 

এছাড়া তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। প্রফেসর মোঃ এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা প্রশাসনের পাশাপাশি শিল্প, সাহিত্য ও ক্রীড়াচর্চার প্রতিও তার আগ্রহ রয়েছে। 

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আমি সততা ও স্বচ্ছতার সঙ্গে আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষাবোর্ডের সেবার মান আরও উন্নত করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।” 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রফেসর মোঃ এনামুল হকের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী হবে। তার নেতৃত্বে শিক্ষা প্রশাসনে গতি বাড়ার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের জন্য সেবার মান আরও উন্নত হবে বলেও তারা প্রত্যাশা করছেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ