হাওর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ইঙ্গিত, ‘জাল যার, জলা তার’ নীতির ঘোষণা
সৈয়দ নুরুল আমিন রূপক (নেত্রকোণা ): হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করেই দেশের হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনা পরিচালিত হবে। একই সঙ্গে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলে-কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
সকাল ১১টায় মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
প্রতিমন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল শুধু মৎস্যসম্পদের ভাণ্ডার নয়, এটি জীববৈচিত্র্য ও খাদ্যনিরাপত্তারও গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই প্রকৃত জেলেদের স্বার্থ রক্ষা করে টেকসই জলাশয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। সমাবেশ শেষে খালিয়াজুরী সদর ঘাট পরিদর্শন, স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় এবং উপজেলা পরিষদ ডাকবাংলোয় মতবিনিময় সভায় অংশ নেন।
বিকেলে তিনি মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চিচারুড়ি হাওর এবং তেতুলিয়া ট্রলারঘাট এলাকায় আরও দুটি পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স