“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ” গড়ার প্রত্যয়ে কটিয়াদীতে পল্লী উন্নয়ন দিবস পালিত
কটিয়াদীতে পল্লী উন্নয়ন দিবস পালিত
এ জেড আল মুজাহিদ, কিশোরগঞ্জ : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি তার বক্তব্যে দেশের সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হিসেবে গ্রামকে উল্লেখ করেন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবির দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। একই সাথে সরকারের উন্নয়ন পরিকল্পনার সুফল প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র ঋণ, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোখলেছুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ (আরিফুর রহমান কাঞ্চন, আশরাফুল হক দাদন, মো. সাজেদুর রহমান সজল সরকার, গোলাম ফারুক চাষী, শেখ জসীম উদ্দিন মেনু, মাহবুবুল আলম মাসুদ ও রফিকুল ইসলাম সেতু) উপস্থিত ছিলেন। সভায় বক্তারা টেকসই উন্নয়ন অর্জনে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সমবায় আন্দোলনকে শক্তিশালী করার ওপর জোর দেন। সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির প্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
কমেন্ট বক্স