কুমিল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মাহবুব আলম বাবু, কুমিল্লা : "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। আজ সতালে এ উপলক্ষে ৬ জুলাই (সোমবার) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শামসুল আলমসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আকতার বলেন, পল্লী উন্নয়নের সাথে কুমিল্লা অনেক আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িত। বার্ডের প্রতিষ্ঠাতা ড. আকতার হামিদ খান এখানে সমবায় একাডেমি ও বার্ড প্রতিষ্ঠা করে এতদ অঞ্চলের গ্রামীন অবকাঠামোর আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন৷ পল্লী উন্নয়নে কুমিল্লা যেনো সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স