০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

​কর বাড়ছে না, উন্নয়নে জোর

ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

আপলোড সময় : ০৬-০৭-২০২৬
ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা।প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার বিপুলসংখ্যক মানুষ ময়মনসিংহ নগরীতে আসছেন। ফলে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। কিন্তু নগরীতে বড় শিল্পপ্রতিষ্ঠান কিংবা উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। 

তিনি বলেন, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। তবে নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন নিশ্চিত হওয়ার পর সেখানে কর নির্ধারণ করা হবে। এর আগে কোনো খাতে নতুন কর আরোপের পরিকল্পনা নেই। গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর 

জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরে সিটি প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে। একসময় অবহেলিত আকুয়া ও গোহাইলকান্দি খালে এখন পানির স্বাভাবিক প্রবাহ ফিরেছে। চলতি বর্ষায় নগরবাসী সাময়িক জলজটের মুখোমুখি হলেও স্থায়ী জলাবদ্ধতার শিকার হননি বলে দাবি করেন তিনি। 

তিনি আরও জানান, নগরীর ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কারের জন্য প্রায় সাড়ে পাঁচশ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বস্তি উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

সরকারের নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। নগরবাসীর সহযোগিতা কামনা করে সিটি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও এ কে এম মাহবুবুল আলম, জেলা জামায়াতের আমির আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ