বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চায়না হার্ডওয়্যার তালা কারখানার শ্রমিকরা। ছবি: সংগৃহীত
সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চায়না হার্ডওয়্যার তালা কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন ফেরিঘাটমুখী যাত্রীরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় কারখানার সামনে শত শত শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ সরকারি গেজেট অনুযায়ী তাদের বেতন-ভাতা দিচ্ছে না। ন্যায্য বেতন দাবি করলে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। শ্রমিকদের দাবি, গত ঈদুল আজহার আগে কর্তৃপক্ষ বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণেই তারা মহাসড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।