কিশোরগঞ্জে শিক্ষার্থীদের খাবারে পচা ডিম পেলেন ইউএনও
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের খাবারে পচা ডিম পেলেন ইউএনও
তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জের একটি সরকারি প্রথিমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা (মিড-ডে মিল) খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবারের মান পরীক্ষা করেন। পরিদর্শনের এক পর্যায়ে একটি ডিম পচা পাওয়া যায়। তবে খাবারটি তখনও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়নি।
জানা যায়, বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য ডিম ও কলা সরবরাহ করেন বিদ্যালয়ের দপ্তরি আলী টিটুর স্ত্রী হেনা বেগম।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, “ইউএনও মহোদয় বিদ্যালয় পরিদর্শনে এসে একটি ডিম পচা পেয়েছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে তখনও ডিম বিতরণ করা হয়নি। ডিমটি সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।”
ইউএনও বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শনের সময় একটি ডিম নষ্ট পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নিয়মিত ডিম, কলাসহ পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। ফলে খাদ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ওই শিক্ষা কর্মকর্তারা।
কমেন্ট বক্স