০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

​নাগরিক সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয় : বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ০৯-০৭-২০২৬
​নাগরিক সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয় : বিভাগীয় কমিশনার বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাসুদ রানা, ময়মনসিংহ: নাগরিক সচেতনতা ও আচরণগত পরিবর্তন ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও নগর ব্যবস্থাপনার নানা সমস্যার জন্য শুধু প্রশাসনকে দায়ী করলে হবে না; নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে, এতে সহযোগিতা করে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন। বিভাগীয় কমিশনার বলেন, "আমরা নিজেদের সভ্য ও শিক্ষিত মনে করি, কিন্তু নাগরিক আচরণের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে আছি। আচরণগত পরিবর্তন না এলে শুধু সভা-সেমিনার করে পরিবেশ রক্ষা সম্ভব নয়।" 

তিনি বলেন, জলাবদ্ধতার জন্য কেবল প্রশাসনকে দায়ী করলে চলবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা, ফুটপাত দখল এবং নাগরিক দায়িত্ব পালনে অনীহাও এ সমস্যার জন্য সমানভাবে দায়ী। এসব বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা না বাড়লে জলাবদ্ধতা নিরসন কঠিন হবে। অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, মানুষ যদি নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারে এবং সড়ক দখলমুক্ত ও পরিচ্ছন্ন থাকে, তাহলে স্বাভাবিকভাবেই হর্নের ব্যবহারও কমে আসবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখেই এগোতে হবে। একই সঙ্গে অবৈধ ও পরিবেশবিধ্বংসী পণ্যের প্রতি মানুষের নির্ভরশীলতা কমাতে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তাপপ্রবাহ, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণ করতে হবে। তিনি জানান, সরকার ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। 

এ কর্মসূচি সফল করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ। স্বাগত বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বিশ্ব পরিবেশ দিবস পালনের তাৎপর্য তুলে ধরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব জীবনযাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ