পাবনায় শ্বশুরবাড়িতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার
পাবনা সদর থানা
মিজানুর রহমান, পাবনা : পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তুহিন খাঁ (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে স্থানীয় ডোবা থেকে গলায় গামছা প্যাঁচানো তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে ভাঁড়ারা ইউনিয়নের নলদহ এলাকার গোলাবাজার নামক স্থানে পাবনা-সুজানগর সড়কের পাশের একটি ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত যুবক পাশ্ববর্তী ইউনিয়ন চরতারাপুরের টাটিপাড়া গ্রামের হাবিব খাঁ এর ছেলে তুহিন খাঁ (১৮)। তার শ্বশুর নলদহ লালগোলা এলাকার দুবাই প্রবাসী আবতার হোসেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝামেলা হয়। পরদিন সকালে স্থানীয়রা নলদহ এলাকার গোলাবাজার নামক স্থানে পাবনা-সুজানগর সড়কের পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
এব্যাপারে পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই এলাকা থেকে ফোনে পুলিশকে জানানো হয়, স্থানীয় মসজিদের বারান্দায় ওই যুবক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সকালে গিয়ে যুবকের মরদেহ মেলে পাশের ডোবায়।
তিনি বলেন, স্থানীয়ভাবে আমরা জেনেছি, কে বা কারা মরদেহটি মসজিদের বারান্দা থেকে নামিয়ে পাশের ডোবায় ফেলে। তবে তারা কারা সেটি জানা যায়নি। আপাতত মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কমেন্ট বক্স