পরিকল্পিত পরিবার গড়লেই জনসংখ্যা হবে জনসম্পদ: বিভাগীয় কমিশনার
আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: 'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি' এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) সকালে ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা বলেন, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে আরও ভালো। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে তা দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। তাই পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের প্রকৃত সম্পদ। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ের বিশাল কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়নে দলগত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কার পেয়েছেন, তারা অন্যদের জন্য অনুপ্রেরণা। ভালো কাজের স্বীকৃতি যেমন আনন্দ দেয়, তেমনি দায়িত্বও বাড়িয়ে দেয়। শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পনা প্রয়োজন। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে পরিণত না করা পর্যন্ত জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। অন্যথায় অনিয়ন্ত্রিত জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত না হয়ে জনদুর্ভোগের কারণ হবে। সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত জনসংখ্যাই দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ মাজহারুল হক চৌধুরী বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা মানুষের দোরগোড়ায়, এমনকি রান্নাঘর পর্যন্ত পৌঁছে সেবা দিয়ে থাকেন। জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি, উঠান বৈঠক এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ পরিবার, সুস্থ সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ময়মনসিংহ বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
কমেন্ট বক্স