১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

​নওগাঁয় খুনের নীরব মহামারি, ছয় মাসে ২৫ লাশ উদ্ধার, বাড়ছে উদ্বেগ

আপলোড সময় : ১৩-০৭-২০২৬
​নওগাঁয় খুনের নীরব মহামারি, ছয় মাসে ২৫ লাশ উদ্ধার, বাড়ছে উদ্বেগ ছয় মাসে ২৫ লাশ উদ্ধার

শাহরিয়ার শাওন, নওগাঁ : সামাজিক অবক্ষয়, পারিবারিক সহিংসতা, জমিজমা নিয়ে বিরোধ, দেনা-পাওনার দ্বন্দ্ব, মাদক, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও প্রযুক্তির অপব্যবহারের মতো নানা কারনে নওগাঁ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড। একের পর এক খুনের ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিবার হারাচ্ছে তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে, আর অনেক পরিবার অর্থনৈতিক ও সামাজিকভাবে চরম সংকটে পড়ছে।

সংশ্লিষ্টদের মতে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে নীরবে ছড়িয়ে পড়ছে সামাজিক অবক্ষয়। ভিনদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ, নিজস্ব সংস্কৃতি ও নৈতিক শিক্ষার চর্চার অভাব, পারিবারিক বন্ধনের দুর্বলতা, মাদকের বিস্তার, বেকারত্ব, হতাশা এবং প্রযুক্তির অপব্যবহার তরুণদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ২৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনার অধিকাংশই হত্যা, পারিবারিক সহিংসতা কিংবা রহস্যজনক মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট।

গত ২৯ জুন মহাদেবপুর উপজেলার ছোট মহেশপুর গ্রামে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ভাতিজা চপলের হাতে চাচা আব্দুল জব্বার (৬৫) নিহত হন। ২৮ জুন সদর উপজেলার নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নিরবের (১৪) লাশ মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। নিরব পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে। ১৭ জুন আত্রাই উপজেলার শাহাগোলা রেললাইনের পাশ থেকে শিক্ষক নেয়ামুল বাশিরের (৫৩) লাশ উদ্ধার করা হয়। ৮ জুন মান্দা উপজেলার হাটোর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারধরে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) মারা যান। ৭ জুন একই উপজেলার ছুটিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে নিহত হন আব্দুল হামিদ (৬৫)। ৩ জুন সাপাহার উপজেলার পুনর্ভবা নদীর বলদিয়াঘাট এলাকা থেকে নিখোঁজের একদিন পর মানসিক ভারসাম্যহীন কিশোর সিফাতের লাশ উদ্ধার করা হয়।

৭ মে নওগাঁ সদর উপজেলার আরজি-নওগাঁ এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় যৌতুকের দাবিতে গৃহবধূ ফাল্গুনিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে স্বামী মোরশেদের বিরুদ্ধে। ২০ এপ্রিল নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্য হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ রহমান (৯) ও মেয়ে সাদিয়া আক্তারকে (৩)গলা কেটে হত্যা করা হয়। ২ এপ্রিল সদর উপজেলার গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকা থেকে মিনতি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ১ এপ্রিল পোরশা উপজেলার শীতলি ডাঙ্গাপাড়া গ্রামে স্বামীর মারধরে মরজিনা খাতুন রুপসির (২৬) মৃত্যু হয়।

৩১ মার্চ নওগাঁ শহরের বাইপাস বরুণকান্দি এলাকায় একটি গ্যারেজে রাখা বাস থেকে বাসের হেলপার জাহিদ ইসলাম (২২)-এর লাশ উদ্ধার করা হয়। ২৬ মার্চ পত্নীতলা উপজেলার আত্রাই নদীর কাঞ্চন গ্রাম এলাকা থেকে অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ৬ মার্চ আত্রাই উপজেলার বলরামচক গ্রামে মাদকাসক্ত জয় সরকার (২৫) স্ত্রী বৃষ্টি রানী (২০) ও আড়াই বছরের কন্যা জিনি সরকারকে হত্যা করে পরে আত্মহত্যা করেন। ৫ মার্চ মান্দা উপজেলার একটি কওমি মাদ্রাসা ও এতিমখানায় চোর সন্দেহে রফিকুল ইসলামকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।

২৮ ফেব্রুয়ারি পত্নীতলা উপজেলার উজিরপুর চৌধুরীপাড়া এলাকা থেকে প্রতিমা রাণী (২৪)-এর লাশ উদ্ধার করা হয়। ৪ ফেব্রুয়ারি বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তুন্নাহার বেগমের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ৩ ফেব্রুয়ারি একই উপজেলার বওলাপাড়া গ্রামে পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় নুপুর (২৬) এর মরদেহ পাওয়া যায়।

২৫ জানুয়ারি সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামে একটি সেপটিক ট্যাংক থেকে মিতু বানু নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। ১৯ জানুয়ারি রানীনগর উপজেলার হরিপুর গ্রামে আগুনে দগ্ধ অবস্থায় বাসন্তী রানীর (২৫) মরদেহ উদ্ধার হয়। ১৮ জানুয়ারি ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে সিরিয়াল কিলার গোলাম মোরশেদের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী উম্মে হাবিবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পোরশা উপজেলার নীতপুর গ্রামের দরিদ্র বৃদ্ধ মশিউর রহমান বলেন, একটি ডিম ভাজাকে কেন্দ্র করে জামাই আব্দুল মকিম তার মেয়ে মরজিনা খাতুন রুপসিকে হত্যা করে। ঘটনার পর জামাই কারাগারে রয়েছে। তাদের এক থেকে ১১ বছর বয়সী ছয় সন্তান এখন তার কাছেই রয়েছে। তিনি বলেন, আমরা গরিব মানুষ। এতগুলো নাতি-নাতনিকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।

নিহত শিক্ষক নেয়ামুল বাশিরের স্বজনরা জানান, তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শাহাগোলা রেলস্টেশনের পাশ থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বলেও জানান।

নওগাঁর সমাজকর্মী নাইস পারভীন বলেন, সাম্প্রতিক অধিকাংশ হত্যাকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা উদ্বেগজনক। মাদকাসক্তি, পারিবারিক অবহেলা, নৈতিক শিক্ষার অভাব, শিক্ষকদের শাসন দেওয়ার সীমাবদ্ধতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে যুবসমাজ বিপথে যাচ্ছে। তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সময় ও নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে।

নওগাঁ জজ আদালতের আইনজীবী মো. মাহ্ফুজুর রহমান বলেন, সামাজিক অবক্ষয় ও নৈতিক শিক্ষার ঘাটতির কারণে খুন ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে পারলে এসব অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার অধিকাংশ হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ বা সহিংসতার জেরেই ঘটছে। ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অধিকাংশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় প্রতিরোধে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সভা ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে, যাতে নতুন করে কোনো অপরাধের জন্ম না নেয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ