পাবনায় জেলা বিএনপির সংবাদ সম্মেলন
সারজিস আলম ও সরোয়ার তুষারকে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
পাবনায় জেলা বিএনপির সংবাদ সম্মেলন
মিজানুর রহমান, পাবনা: পাবনা-০৫ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা বিএনপি। এতে এনসিপি নেতা সারজিস আলম ও সরোয়ার তুষারকে তাদের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা। অন্যথায় তাদের অবাঞ্ছিত ঘোষণার হুশিয়ারিও দেয়া হয়। সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৯ জুলাই এনসিপি’র (জাতীয় নাগরিক কমিটি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহর উপজেলায় রাজনৈতিক সফরে আসেন। সফরটি অঘোষিত হলেও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পাবনা জেলা বিএনপি এবং ২৪-এর গণআন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন তাদের স্বাগত জানায়। এমনকি এনসিপি’র কর্মসূচি যেন নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে পুলিশ সুপারকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল।
বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, "আমরা সম্মান, সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করলেও এনসিপি নেতারা রাজনৈতিক দেউলিয়াত্ব ও উগ্রতার পরিচয় দিয়েছেন। পাবনা সদর ও চাটমোহরের জনসভায় তারা বিএনপি, তারেক রহমান এবং পাবনার গণমানুষের নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের নামে মিথ্যা, ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। যা শিমুল বিশ্বাসের সম্মানহানির এক অপচেষ্টা মাত্র।"
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শামছুর রহমান শিমুল বিশ্বাস তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে পাবনাবাসীর কাছে একজন অবিসংবাদিত ও মানবিক নেতা হিসেবে স্থান করে নিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো সহজ হলেও পাবনার মানুষের মন থেকে তাঁর নাম মুছে ফেলা সম্ভব নয়। পাবনাবাসী তাঁকে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধিতে ভূষিত করেছে।
সারজিস আলম ও সরোয়ার তুষারের বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন থেকে হুশিয়ারি দেওয়া হয়, অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং পাবনার মানুষের হৃদয়ে আঘাত দেওয়ার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, ভবিষ্যতে পাবনার যেকোনো সভা-সমাবেশে সারজিস আলম ও সরোয়ার তুষারকে গণমানুষের পক্ষ থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক শেখ আবু ওবায়দা তুহিন, আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম সহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ জুলাই এনসিপি নেতারা দলীয় কর্মসূচি জুলাই পদযাত্রা ও সমাবেশে পাবনায় আসেন। এসময় সমাবেশ ছাড়াও জুলাই শহীদদের কবরস্থান ও স্বাধীনতা চত্ত্বর সহ বিভিন্ন জায়গা পরিদর্শনকালে তারা বক্তব্য দেন। এসব বক্তব্যে মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা সদর আসনের এমপি বিএনপি নেতা শিমুল বিশ্বাসকে নিয়ে বক্তব্য দেন। এছাড়া পাবনার বাইরে একটি সমাবেশে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে পাবনায় জুলাই আন্দোলনে দুজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু সাইদ খানকে শেল্টারের অভিযোগ এনে বক্তব্য দেন এনসিপি নেতা সরোয়ার তুষার। এসব বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স