ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ৭১ লাখ টাকার অনুদান দিল মসিক
৭১ লাখ টাকার চেক ৬৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোট ৭১ লাখ টাকার চেক ৬৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি স্কুল, ১টি এতিমখানা এবং ২টি ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে টেকসই অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব বরাদ্দের মূল উদ্দেশ্য শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
তিনি আরও বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই বরাদ্দকৃত অর্থের প্রতিটি টাকা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যয় করতে হবে। নির্ধারিত প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। কোনো ধরনের অপচয় বা অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল তখনই জনগণের কাছে পৌঁছাবে, যখন বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করবে।
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি মানবিক, শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের পথ আরও সুদৃঢ় হওয়া।
চেক বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স