বরিশাল নগরীর ত্রিশ গোডাউন স্মৃতিসৌধ-সংলগ্ন সাগরদী খালের দুই পাশে একযোগে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্যে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার, ১৩ জুলাই। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের আশপাশের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; নিজেদের বাড়ি, পাড়া, খাল ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার।
সোমবার (১৩ জুলাই) বরিশাল নগরীর ত্রিশ গোডাউন স্মৃতিসৌধ-সংলগ্ন সাগরদী খালের দুই পাশে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা এই খালের দুই পাশে সাড়ে তিনশর মতো চারা রোপন করব। স্থানীয়দের সবার কাছে আমার আহ্বান থাকবে, এই যে চারাগুলো আমরা আজকে রোপন করব, এগুলো রোপনের পরই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না; এই গাছগুলোর যত্ন আমাদের নিতে হবে।
স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, এই যে খালটা বয়ে যাচ্ছে, এই গাছগুলো যখন বড় হবে, তখন খালটা দেখতে আরও সুন্দর হবে। খালের পাড়ে তখন বসতে আরও ভালো লাগবে। বেঞ্চে যখন আপনারা বসে থাকবেন, তখন নিশ্চয়ই বাতাসটা, বাতাসে আরামবোধ করবেন।
তারেক রহমান বলেন, সাগরদী খাল সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ এবং এর রক্ষণাবেক্ষণকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে দেখা উচিত নয়। তার কথায়, ‘এই খালটির যত্ন করা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়, খালের দুপাশে যত মানুষ আছে, সবাইকে আমাদের এই খালের যত্ন করতে হবে।’
খালে ভাসমান প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যু পেপারসহ বিভিন্ন বর্জ্যের দিকে ইঙ্গিত করে স্থানীয়দের এগুলো পানিতে না ফেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এখানে যারা উপস্থিত আছেন, যখনই যার সঙ্গে দেখা হবে, প্রত্যেককে বলবেন যে খালের মধ্যে আমরা এগুলো ফেলব না।’
এছাড়া পার্ক ও জনসমাগমস্থলে আরও বেশি ডাস্টবিন স্থাপনের জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী, যাতে মানুষ সহজে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে পারে।
এ সময় খালে সরাসরি বর্জ্য ও পয়োনিষ্কাশনের পানি প্রবাহিত হওয়ার বিষয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং সিটি করপোরেশনকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর আহ্বান জানান।
তারেক রহমান বলেন, পয়োনিষ্কাশন বা বর্জ্য পানির সংযোগ সরাসরি খালের সঙ্গে না রাখাই ভালো। কারণ এতে পরিবেশ নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়।
তিনি বলেন, আমাদের নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে। নিজেদের ঘর যদি নিজেরা গুছিয়ে না রাখি, তাহলে ঘর যেমন ময়লা হয়ে যায়, ঠিক তেমনি আমরা যদি আমাদের এলাকা, পাড়া ও দেশ নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি, নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে এর ভুক্তভোগী হব আমরাই। অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস করব, অথচ নিজেদের দেশকে নষ্ট করে ফেলব—এটা হতে পারে না।