কীর্তিপাশা ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা রেজাউল হাসান মুন্না
কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া বিএনপি নেতা মো. রেজাউল হাসান মুন্না।
মো. সোহেল রানা, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজসেবক মো. রেজাউল হাসান মুন্না। তিনি নিজেই তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং কীর্তিপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যবসা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, করোনাকালে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. রেজাউল হাসান মুন্না বলেন, “কীর্তিপাশার মানুষের দীর্ঘদিনের ভালোবাসা ও উৎসাহে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রেজাউল হাসান মুন্না আলোচনায় থাকলেও নির্বাচন, দলীয় মনোনয়ন এবং চূড়ান্ত ফলাফল সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
কমেন্ট বক্স