'একদিনের জন্য ব্যবহার হয়নি'
সুনামগঞ্জে আড়াই কোটি টাকার ৪টি নৌ-অ্যাম্বুলেন্স অকেজো
নৌ-অ্যাম্বুলেন্স অকেজো
শাহাবুদ্দিন আহমেদ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের একমাত্র ভরসা ছোট নৌকা। হাওরবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৪ টি আধুনিক নৌ-অ্যাম্বুলেন্স সরবরাহ করলেও সেগুলো একদিনের জন্যও ব্যবহার হয়নি। বৃষ্টি এলেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে ঝড়-বৃষ্টি আর উত্তাল পানির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে রোগী পরিবহন করতে হয়। অথচ চালক নিয়োগ ও পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়েছে সরকারি এই সম্পদ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২০১৯ ও ২০২০ সালে জামালগঞ্জ, ধর্মপাশা ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারটি নৌ-অ্যাম্বুলেন্স দেওয়া হয়। প্রতিটির মূল্য ৬১ লাখ টাকারও বেশি। আধুনিক এসব নৌ-অ্যাম্বুলেন্সে ছিল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, রোগী বহনের বিশেষ বেডসহ জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনীয় নানা সুবিধা। কিন্তু নৌ-অ্যাম্বুলেন্সগুলো চালানোর জন্য চালক নিয়োগ দেওয়া হয়নি। জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্যও কোনো নিয়মিত বরাদ্দ রাখা হয়নি। ফলে সরবরাহের পর থেকে একদিনের জন্যও রোগী পরিবহনে ব্যবহার করা সম্ভব হয়নি। বর্তমানে কোনোটি নদীর তীরে পড়ে মরিচা ধরছে, কোনোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অযত্নে পড়ে আছে, আবার কোনোটি থানার সামনে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।
তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম, ও কামরুল ইসলাম তারা জানান, বর্ষাকালে প্রত্যন্ত গ্রামের রোগীদের এখনো ভাড়া করা ছোট নৌকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। তাদের অভিযোগ, সরকারি নৌ-অ্যাম্বুলেন্সের কথা শুনলেও বাস্তবে কখনো এর সেবা পাননি। তাদের মতে, কোটি কোটি টাকা ব্যয়ে কেনা নৌ-অ্যাম্বুলেন্সগুলো যদি চালু থাকত, তাহলে বর্ষাকালে হাওরাঞ্চলের অসংখ্য মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হতো। কিন্তু দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় এখন অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, নৌ অ্যাম্বুলেন্সগুলো পরিত্যক্ত থেকে অনেক আগেই অকেজো হয়ে যাওয়ায় আর মেরামত করা সম্ভব হয়নি। হাওরাঞ্চলের উপজেলা গুলোতে রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিতে নৌ অ্যাম্বুলেন্সের ছাড়া আর কোন পথ নেই। নতুন অ্যাম্বুলেন্সের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠাবো।
কমেন্ট বক্স