জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নরসিংদী জেলার পলাশ উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠে এক আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা আদর্শ বিদ্যাপীঠের সম্মানিত প্রধান শিক্ষক মাসুদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মাসুদ খান জুলাই শহীদদের আত্মত্যাগ, দেশপ্রেম এবং জাতির জন্য তাদের অবিস্মরণীয় অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শহীদদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানটি শ্রদ্ধা, আবেগ ও প্রার্থনামুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।