নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহীতে নজরুল ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজশাহীতে নজরুল ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘নজরুল বর্ষ-২০২৬’উদযাপন উপলক্ষে রাজশাহীতে স্থাপিত হচ্ছে ‘নজরুল ভিলেজ’। গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে প্রস্তাবিত,নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: মিজানুর রহমান মিনু, এমপি। জেলা প্রশাসন, রাজশাহী এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ,গণমাধ্যমকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে 'নজরুল মঞ্চ' এবং 'নজরুল কর্নার'। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি তৈরি করা হচ্ছে, যেখানে বছরব্যাপী চলবে নজরুল সাহিত্য ও শিল্পের চর্চা। উল্লেখ্য, নজরুল ভিলেজ’ নির্মিত হলে রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি নতুন কেন্দ্র হিসেবে এটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কমেন্ট বক্স