ময়মনসিংহে গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করল মহানগর জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
কামরুল হাসান, ময়মনসিংহ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে নগরীর আকুয়া মাদরাসা কোয়ার্টার গোরস্থান ও ভাটিকাশর গোরস্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে আকুয়া মাদরাসা কোয়ার্টার গোরস্থানে ২০২৪ সালের ১৯ জুলাই নিহত শহীদ রিদওয়ান হোসেন সাগর এবং ভাটিকাশর গোরস্থানে ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরা আজমপুর মোড়ে নিহত শহীদ আব্দুল্লাহ আল মাহিনের কবর জিয়ারত করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে শহিদ রিদওয়ান হোসেন সাগরের বাবা মোঃ আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, একজন বাবা হিসেবে সন্তানের মৃত্যু পৃথিবীর সবচেয়ে বড় বেদনা। ২০২৪ সালের ১৯ জুলাই তিনি তার সন্তান সাগরকে হারিয়েছেন। সাগর ছিল পরিবারের স্বপ্ন ও আশার প্রতীক। তিনি তার সন্তানের হত্যার বিচার আইনের মাধ্যমে ও ন্যায়বিচারের ভিত্তিতে দাবি করেন। একই সঙ্গে তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে আর কোনো বাবা-মাকে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়। তিনি সবার কাছে তার সন্তানের রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।
অনুষ্ঠানে বক্তব্যে মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল বলেন, ২০২৪ সালের জুলাই জাতীয় ইতিহাসে একটি রক্তঝরা অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিনের স্বৈরাচার, দুর্নীতি, অনিয়ম ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। তারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল।
তিনি বলেন, ময়মনসিংহের ছাত্র-জনতার আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়ভিত্তিক সমাজ, আইনের শাসন, ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। শেষে তিনি শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদ উল্লাহ ফারুকী, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আব্দুল আজিজ, ডা. আসাদ, আবু কাউসার, আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স