২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

​ময়মনসিংহে ইসলামি ব্যাংকের গ্রাহক সমাবেশে

কল্যাণমুখী ব্যাংকিংয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়

আপলোড সময় : ২৪-০৭-২০২৬
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নগরীর ছোট বাজারে ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার উদ্যোগে “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত গ্রাহক সমাবেশে

কামরুল হাসান, ময়মনসিংহ: কল্যাণমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামি ব্যাংক পিএলসির কর্মকর্তারা। এ লক্ষ্যে গ্রাহকের আস্থা, নৈতিকতা, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবাকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে নগরীর ছোট বাজারে ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার উদ্যোগে “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মোঃ আনিছুর রহমান বলেন, ইসলামি ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; বরং নৈতিকতা, আস্থা ও কল্যাণমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। গ্রাহকদের আস্থা অটুট রেখে শরিয়াহভিত্তিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণে ব্যাংক কাজ করে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল জলিল গ্রাহকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সময়োপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামি ব্যাংক বদ্ধপরিকর।

অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্য দেন ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শামসুল হুদা চৌধুরী। তিনি ব্যাংকের বিভিন্ন গ্রাহকসেবা, বিনিয়োগ কার্যক্রম, ডিজিটাল সেবা এবং স্থানীয় পর্যায়ে ব্যবসা সম্প্রসারণে গৃহীত উদ্যোগ তুলে ধরেন।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, ইসলামি ব্যাংকের সাবেক কর্মকর্তা আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, দুদমহল জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মঞ্জুরুল হক, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক শফীউদ্দীন শেখ, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের পরিচালক শামছুদ্দোহা মাসুম, সাদমান ট্রাভেলসের চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান, চর ঈশ্বরদিয়া পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার হাসিনা বেগম, মেসার্স বাবুল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শাহাদাত হোসেন বাবলু এবং ফরেন রেমিটেন্স বেনিফিশিয়ারি মমতাজ বেগম।

বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডেও ইসলামি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও গ্রাহক ও ব্যাংকের পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার এফএভিপি কাজী মনিরুজ্জামান। 

এতে শাখার কর্মকর্তা-কর্মচারী, বিপুলসংখ্যক গ্রাহক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ