রাজশাহী কলেজ ছাত্রদলের বৃক্ষের চারা বিতরণ
রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরে ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানও এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমও শিগগিরই শুরু হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম।
কমেন্ট বক্স