‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’
ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান শুরু
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান কর্মসূচির উদ্বোধন করেন
কামরুল হাসান, ময়মনসিংহ: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে স্কুল পরিচ্ছন্নতা অভিযান। ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির আওতায় ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৬ জুলাই) সকালে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের আঙিনা, ভবন ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় দুটির আঙিনায় বৃক্ষরোপণ করেন তিনি।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার চর্চা ও মানসিকতা গড়ে তুলতে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় এখন থেকে ময়মনসিংহের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। কমিটি প্রতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম মূল্যায়ন করবে। পরে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনার মাধ্যমে পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। ‘ক্লিন ময়মনসিংহ’কে একটি সামাজিক আন্দোলনে পরিণত করে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, নিজের ঘর যেমন নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজেদের স্কুল, স্কুলের আঙিনা ও শহর পরিষ্কার রাখার দায়িত্বও নিতে হবে। প্রতি রবিবার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।
চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানকালে ময়মনসিংহ বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ উভয় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় দুটির আঙিনায় বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ ময়মনসিংহ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কমেন্ট বক্স