২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নৌপথে দুর্ঘটনা-দস্যুতা ঠেকাতে নৌযান শুমারি জরুরি: বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ৩০-০৭-২০২৬
নৌপথে দুর্ঘটনা-দস্যুতা ঠেকাতে নৌযান শুমারি জরুরি: বিভাগীয় কমিশনার জেলা পরিষদ সম্মেলন কক্ষে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: নৌপথে দুর্ঘটনা, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে নৌযান শুমারি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।তিনি বলেন, সড়কপথে চলাচলকারী যানবাহনের নম্বরপ্লেটের মতো নৌযানের নিবন্ধন নম্বর থাকলে এসব নৌযান ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর প্রবণতা কমবে।নৌযানের নিবন্ধন, চালকদের প্রশিক্ষণ এবং নৌযানের ফিটনেস-সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে জানানো হয়, দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি- ২০২৬ আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ইঞ্জিনচালিত নৌকা, ড্রেজারসহ বিভিন্ন ধরনের ইঞ্জিনচালিত নৌযান গণনা করা হবে।ময়মনসিংহ বিভাগে বর্তমানে মোট ৮ হাজার ৭৯০টি ইঞ্জিনচালিত নৌযান রয়েছে। এর মধ্যে ঘাটভিত্তিক ২ হাজার ৫৫০টি এবং খানাভিত্তিক ৬ হাজার ২৪০টি।

সেমিনারে বলা হয়, শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ছোট- বড় ইঞ্জিনচালিত নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এসব তথ্য নৌপরিবহন খাতের আধুনিকায়ন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ-দুর্ঘটনা কমানো এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগীয় কমিশনার বলেন, ময়মনসিংহ বিভাগে অন্যান্য অঞ্চলের তুলনায় নৌযান কম হলেও ব্রহ্মপুত্র নদে বালুবাহী বাল্কহেড সঠিকভাবে চলাচল না করলে ছোট ট্রলার ও নৌকা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রচলিত আইন অনুযায়ী নৌযানের নিবন্ধন, চালকদের প্রশিক্ষণ ও নৌযানের ফিটনেস- সংক্রান্ত তথ্য নথিভুক্ত করা প্রয়োজন। তিনি আরও বলেন, নৌযান নিবন্ধিত থাকলে ভবিষ্যতে নৌপথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনার সুযোগ তৈরি হবে।

এ কারণে নৌযান মালিকদের সঠিক তথ্য দিয়ে শুমারি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সালাউদ্দিন তালুকদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক ফিরোজ ইবনে ইউসুফ। এছাড়া সেমিনারে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধানসহ সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ