ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিকে বৃক্ষরোপণ
পদ্মা আবাসিকে বৃক্ষরোপণ
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গাতেও বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এসময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরডিএ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে গ্রিন সিটিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক,শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে গাছের চারা রোপণ করা হবে। শুধু রোপণই নয়, রোপিত চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরায়ণের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ নগরী গড়তে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিক একটি করে গাছ লাগিয়ে যত্ন নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন,মোঃমারুফ হোসেন জীবন,মোঃশফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃনাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ,মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা রোপণকৃত গাছগুলোর সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, আরডিএর উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিন আরডিএ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধারাবাহিকভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলবে।
কমেন্ট বক্স