গাছ ফেলে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, বিকাশকর্মীকে ছুরিকাঘাত
গাছ ফেলে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, বিকাশকর্মীকে ছুরিকাঘাত
এস. এম. লুৎফুর কবির, কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের টেকনাফে সড়কের ওপর গাছ ফেলে একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই সেলস প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়ারও অভিযোগ রয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকাশের সেলস প্রতিনিধিরা টেকনাফ থেকে হ্নীলা ও হোয়াইক্যং এলাকার বিভিন্ন এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে একটি বাসে করে যাচ্ছিলেন। পথে দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজের কাছে সড়কের ওপর গাছ ফেলে বাসটির গতিরোধ করে একদল দুর্বৃত্ত।
বাসটি থামার পর অস্ত্রধারী দুর্বৃত্তরা ভেতরে থাকা বিকাশ প্রতিনিধিদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে মো. আল আরমান (২৬) নামে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর হাতে জখম হয়েছে।
পরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা গুলি ছুড়ে বলে অভিযোগ রয়েছে। টাকা নিয়ে তারা সড়কের পাশের পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। ঘটনার পর আহত আল আরমানকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড ঘটনাস্থলে যায়। পরে দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় অভিযান শুরু করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে বাস থামিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কমেন্ট বক্স