পরিচ্ছন্নতা চর্চায় বদলে যাচ্ছে শিক্ষাঙ্গন
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। সপ্তাহের প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে বিদ্যালয়ের আঙিনা ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি ইতোমধ্যে জেলার আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে। এর ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) সকালে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। এ সময় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুনসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকারের চলমান সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চা, পরিবেশ সংরক্ষণ এবং স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে।
কমেন্ট বক্স