১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সৌদি সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্যের সুরক্ষা, সংঘাতের শঙ্কা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৩-০৮-২০২৬
সৌদি সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্যের সুরক্ষা, সংঘাতের শঙ্কা সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এই জোট করছে সৌদি আরব


সৌদি আরবের নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের যৌথ বিবৃতিতে সমর্থন দিয়েছে বাংলাদেশ। তবে এই সমর্থন সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নয়। বাংলাদেশ যুদ্ধজাহাজ বা সামরিক সদস্য পাঠাবে কিনা, সেটি এখনও পরিষ্কার নয়।

সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অবস্থান আগের মতোই হতে পারে। নীতিগত সমর্থন থাকবে। সামুদ্রিক নিরাপত্তা, তথ্যবিনিময়, প্রশিক্ষণ ও উদ্ধার কার্যক্রমেও সহযোগিতা হতে পারে। কিন্তু জাতিসংঘের অনুমোদন ছাড়া অন্য কোনও দেশের ভূখণ্ডে গিয়ে যুদ্ধে অংশ নেওয়ার সম্ভাবনা কম।

 

বিশ্লেষকদের কেউ সিদ্ধান্তটিকে সময়োপযোগী বলছেন। তাদের মতে, এতে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়বে। তৈরি হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ।

 

অপরদিকে সাবেক সেনা কর্মকর্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, জোটের কার্যপরিধি স্পষ্ট হওয়া জরুরি। কারণ লোহিত সাগর ও বাব আল-মান্দেবকে কেন্দ্র করে চলমান উত্তেজনার সঙ্গে হুতি গোষ্ঠী, ইরান এবং সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা জড়িত। সরাসরি সামরিক অভিযানে অংশ নিলে বাংলাদেশও সেই বিরোধে জড়িয়ে পড়তে পারে।

‘সমর্থন ও যুদ্ধে অংশ নেওয়া এক বিষয় নয়’

 

সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান   বলেন, “সৌদি আরবের নেতৃত্বে ২০১৫ সালে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন—আইএমসিটিসি গঠিত হয়েছিল। ২০১৭ সালের নভেম্বরে জোটটির প্রতিরক্ষামন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশও ওই জোটের সদস্য ছিল।” 

তিনি বলেন, “সে সময় জোটের পক্ষ থেকে বাংলাদেশকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তবে বাংলাদেশের অবস্থান ছিল—আমরা নীতিগত ও মনস্তাত্ত্বিক সমর্থন দেবো, কিন্তু জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনও সংঘাতে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাবো না। সৌদি আরবের ভূখণ্ড কিংবা মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলো সরাসরি আক্রান্ত হলে পরিস্থিতি ভিন্নভাবে বিবেচনা করা হতে পারে।” 

প্রস্তাবিত নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে আগের উদ্যোগটির কিছু সাদৃশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এবারের বৈঠকে ৪৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিলেও যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে ১৪টি দেশ। বাংলাদেশও সমর্থনকারী দেশগুলোর মধ্যে রয়েছে। তবে যৌথ বিবৃতিতে সমর্থন দেওয়া এবং সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়া এক বিষয় নয়।” 

মাহফুজুর রহমান বলেন, “আমার ধারণা বাংলাদেশ নীতিগতভাবে এই উদ্যোগে সম্মতি জানিয়েছে। এর অর্থ এই নয় যে বাংলাদেশ অবিলম্বে যুদ্ধজাহাজ বা সামরিক সদস্য পাঠাবে। সরাসরি সামরিক অংশগ্রহণের প্রশ্ন এলে জাতিসংঘের অনুমোদন, সরকারের সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত এবং সংসদীয় সমর্থনের বিষয় সামনে আসবে।” 

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত। সৌদি আরবের সঙ্গে শ্রমবাজার, রেমিট্যান্স, বিনিয়োগসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে। 

 

তার মতে, বাংলাদেশের অর্থনীতি যখন বিকাশের পর্যায়ে রয়েছে, তখন সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দেশটিকে অসন্তুষ্ট করতে সরকার চাইবে না। এ কারণেও বাংলাদেশ নীতিগতভাবে জোটটির পাশে দাঁড়াতে পারে।

তিনি বলেন, “বাংলাদেশের সম্ভাব্য অবস্থান আগের মতোই হতে পারে—সৌদি আরবের ভূখণ্ড বা ইসলামের পবিত্র স্থান আক্রান্ত হলে প্রতিরক্ষামূলক সহযোগিতা বিবেচনা করা হবে। কিন্তু সৌদি আরবের হয়ে অন্য কোনও ভূখণ্ডে গিয়ে যুদ্ধে অংশ নেওয়া হবে না। জাতিসংঘের ছাতার নিচে কোনও বৈধ আন্তর্জাতিক অভিযান হলে বাংলাদেশ প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয় বিবেচনা করতে পারে।” 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ