ফেনীর রামপুর এলাকায় বাসে মিললো ৩০ কেজি গাঁজা
সংগৃহীত ছবি
এম. এমরান পাটোয়ারী, ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। সোমবার (০৩ আগষ্ট) ভোরে র্যাবের ফেনী ক্যাম্পের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. ফরিদুল আহম্মদ (৫০) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সূর্গাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, এক মাদক কারবারি যাত্রীবেশে কুমিল্লা থেকে চট্টগ্রামে গাঁজা নিয়ে যাচ্ছেন। এমন খবরের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কুমিল্লা থেকে কক্সবাজারগামী ‘সেন্টমার্টিন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ফরিদুল আহাম্মদের ট্রাভেল ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১৫টি বান্ডেলে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। উদ্ধার করা গাঁজাসহ আটক ফরিদুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স