১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৮-২০২৬
​ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার করা ইয়াবা ও স্কুটির আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দিগারাকান্দা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মুহাম্মদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। 

অভিযানে খলিলুর রহমানের কাছ থেকে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্কুটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন, তিনি স্কুটিযোগে ইয়াবা বহন করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মুহাম্মদ মাহবুবুল হক বলেন, "মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।"


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ