পরিকল্পিত নগর গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি আবু ওয়াহাব
সংগৃহীত ছবি
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পূর্ত ভবন চত্বরে উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) আয়োজিত ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথি মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নে কাজ করবে। একই সঙ্গে অপরিকল্পিত নগরায়ন রোধ, আধুনিক ও দুর্যোগ-সহনশীল নগর গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি বলেন, “প্রাচীনতম এই শহরকে বাসযোগ্য ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে প্রতিটি নাগরিকের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। আমরা যদি যার যার অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিকল্পিত ও আধুনিক শহর উপহার দেওয়া সম্ভব হবে।” সভায় ডেভেলপার ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ময়মনসিংহ দ্রুত আধুনিক ও বসবাসযোগ্য নগরীতে পরিণত হতে পারে। এ জন্য শহরের ড্রেনেজ ব্যবস্থা, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং ভবন নির্মাণে একটি সুস্পষ্ট ও যুগোপযোগী নীতিমালা প্রণয়নের প্রয়োজন রয়েছে। এতে ভবন মালিকরা সঠিক পরিকল্পনার ভিত্তিতে নির্মাণকাজ পরিচালনা করতে পারবেন।
সভাপতির বক্তব্যে মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মূল লক্ষ্য পরিকল্পিত নগরায়ন, ভূমির সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি বলেন, “আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য শুধু আলোচনা নয়; বরং ময়মনসিংহকে কীভাবে আরও পরিকল্পিত, সুন্দর ও বাসযোগ্য শহরে রূপ দেওয়া যায়, সে বিষয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা। এই শহর আমাদের সবার। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আধুনিক, নান্দনিক ও টেকসই ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব।” মতবিনিময় সভায় বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স