জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের গৌরবময় অধ্যায় : অধ্যক্ষ মোশারফ হোসেন
বুধবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মোহন কলেজে আয়োজিত আলোচনা সভা
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোশারফ হোসেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মোহন কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অধ্যাপক মোশারফ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজবাহ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামীম সিদ্দিকী এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নওরীন সামান্তা সৌমি।
আলোচনা সভায় ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক রাহাত বিল্লাহ লষ্কর, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আতিকুর রহমান এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান বক্তব্য দেন। এ সময় আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে মুক্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে ঢাকা-ময়মনসিংহ বাইপাসের জুলাই চত্বরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন আনন্দ মোহন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল খান মুন, সাধারণ সম্পাদক মোস্তাক সরকার, ১ নম্বর সহসভাপতি তৌহিদ জামান বিজয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে আয়োজিত এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
কমেন্ট বক্স