৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​জলাতঙ্ক প্রতিরোধে ফেনী পৌরসভায় ৬৫০ বেওয়ারিশ কুকুরকে টিকাদান শুরু

আপলোড সময় : ১০-০৮-২০২৬
​জলাতঙ্ক প্রতিরোধে ফেনী পৌরসভায় ৬৫০ বেওয়ারিশ কুকুরকে টিকাদান শুরু ​জলাতঙ্ক প্রতিরোধে ফেনী পৌরসভায় ৬৫০ বেওয়ারিশ কুকুরকে টিকাদান শুরু

এম. এমরান পাটোয়ারী, ফেনী : জলাতঙ্কের ঝুঁকি কমাতে ফেনী পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে পৌরসভার আওতাধীন প্রায় ৬৫০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। ​সোমবার (১০ আগস্ট) দুপুরে ফেনী পৌরসভা কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

​স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোবারক হোসেন দুলাল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ, যা মূলত আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে ছড়ায়। জলাতঙ্কমুক্ত শহর গড়তে বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় আনার পাশাপাশি গণসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

​আয়োজকরা জানান, ১৫ দিনের এ কর্মসূচিতে সাতজন কর্মী ও একজন সুপারভাইজার ১৮টি ওয়ার্ডে সরাসরি মাঠে কাজ করবেন। টিকা দেওয়া সম্পন্ন হলে চিহ্নিত করার সুবিধার্থে কুকুরগুলোর শরীরে নির্দিষ্ট রং দেওয়া হবে।

​এ ছাড়া পৌর এলাকার কোনো প্রাণী জলাতঙ্কসহ জটিল রোগে আক্রান্ত হলে দ্রুত খবর পৌঁছাতে এবং ব্যবস্থা নিতে ‘মাই ফেনী’ নামের একটি অ্যাপ কার্যকরভাবে চালু করার কথা জানান সংশ্লিষ্টরা।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়। 

অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন ও 'ফেনী এলিমেন্টস লাভার' সংগঠনের প্রধান সমন্বয়ক সাইমুন ফারাবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ