১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দুই সফটওয়্যার ও আইওএস অ্যাপ উদ্বোধন

বাকৃবির ডিজিটাল সেবায় নতুন সংযোজন

আপলোড সময় : ১১-০৮-২০২৬
বাকৃবির ডিজিটাল সেবায় নতুন সংযোজন দুই সফটওয়্যার ও আইওএস অ্যাপ উদ্বোধন

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে দুইটি নতুন সফটওয়্যার ও একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর ফলে মাস্টার্স পরীক্ষার বিল ও সম্মানী, পিএইচডি ভর্তি এবং ডিজিটাল ই-ডায়েরি ব্যবহারে প্রযুক্তিনির্ভর সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এসব ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সেবাগুলোর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

নতুন চালু হওয়া সেবাগুলোর মধ্যে রয়েছে মাস্টার্স পরীক্ষার বিল ও সম্মানী সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা, পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ। উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, নতুন এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সেবা কার্যক্রম আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ রোস্তম আলী বলেন, এসব সেবা চালু করতে পেরে তিনি ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞ। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও প্রশাসনিক কার্যক্রমে নতুন দিগন্তের উন্মোচন করবে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আরও সহজে এবং দ্রুত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। ভবিষ্যতে আইসিটি সেলের মাধ্যমে আরও নতুন নতুন স্মার্ট সেবা যুক্ত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। বক্তারা বলেন, ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কাজে সময় ও প্রশাসনিক জটিলতা কমবে। একই সঙ্গে সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়বে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি সেলের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ