১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তফশিলভুক্ত সম্পত্তি নিয়ে বিরোধ

আপলোড সময় : ১১-০৮-২০২৬
চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তফশিলভুক্ত সম্পত্তি নিয়ে বিরোধ সংগৃহীত ছবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আদালতের স্থিতাবস্থার আদেশ থাকা সত্ত্বেও তফশিলভুক্ত একটি সম্পত্তিতে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, উচ্চ আদালতের আদেশের বিষয়টি অবগত থাকার পরও সংশ্লিষ্ট সম্পত্তিতে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে, যা আদালতের আদেশ অমান্যের শামিল।

অভিযোগ সূত্রে জানা যায়, নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের ১২/বি-২ হোল্ডিংয়ের তফশিলভুক্ত সম্পত্তিটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটি অবমুক্ত করার দাবিতে ২য় কোর্ট অব সেটেলমেন্টে মামলা নং ১/২০০৯ (নতুন), ১৪৪/৮৭ (পুরাতন) দায়ের করা হয়। ওই মামলায় ২০১৮ সালের ১৭ মে আলী আকবর আনসারীর পক্ষে রায় দেওয়া হয় বলে দাবি করেছেন তার ওয়ারিশরা।

পরবর্তীতে আলী আকবর আনসারী ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করলে তার পুত্র কাউসার রেজা আনসারীসহ ওয়ারিশরা সম্পত্তির মালিকানা দাবি করেন। সম্পত্তিটি ফেরত পাওয়ার দাবিতে তারা হাইকোর্ট বিভাগে রিট পিটিশন মামলা নং ৭৭৮৯/২০২১ দায়ের করেন।

মামলাটিতে ২০২১ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগ রুল জারির পাশাপাশি সম্পত্তির দখল ও হস্তান্তরের বিষয়ে স্থিতাবস্থার আদেশ দেন বলে মামলার পক্ষের দাবি। পরবর্তীতে ২০২৪ সালের ১ আগস্ট দেওয়া আদেশে রিট মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থিতাবস্থা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের ওই আদেশ বহাল থাকা অবস্থায় সংশ্লিষ্ট তফশিলভুক্ত সম্পত্তিতে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সাইনবোর্ড স্থাপন করে নির্মাণকাজ শুরু করা হয়। আদালতের আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরও কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীরা হাইকোর্ট বিভাগে কনটেম্পট পিটিশন মামলা নং ২৯১/২০২৫ দায়ের করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ ২০২১ সালের ১ নভেম্বরের আদেশ অমান্যের অভিযোগে কেন মামলা রুজু করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে রুল জারি করেন।

এরপর একই কনটেম্পট পিটিশনের ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৩ জুন দেওয়া আদেশে আদালত ২০২১ সালের ১ নভেম্বরের আদেশ অমান্যের অভিযোগে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে মামলায় পক্ষভুক্ত করার নির্দেশ দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে স্থিতাবস্থা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে ২০২৬ সালের ৭ জুলাই আদালতে উপস্থিত হয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।

ভুক্তভোগী কাউসার রেজা আনসারী বলেন, “হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ থাকা সত্ত্বেও গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। এ বিভাগের নির্বাহী প্রকৌশলী সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আমরা এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে নির্মাণকাজ চালানোর অভিযোগ অস্বীকার করেছেন গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জিতু। তিনি বলেন, নির্মাণকাজ চলার বিষয়টি সঠিক নয়। আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও তিনি রাজি হননি।

এদিকে, সম্পত্তিটির মালিকানা, আদালতের স্থিতাবস্থার আদেশ এবং নির্মাণকাজের বৈধতা নিয়ে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে। আদালতের আদেশ বাস্তবায়ন এবং নির্মাণকাজের বিষয়ে পরবর্তী শুনানিতে কী নির্দেশনা আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ