রংপুরে ওএমএস ডিলার তাওহীদ ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, রেজিস্টার-মজুদের হিসাবে গরমিল
সংগৃহীত ছবি
শাহিনুরা আক্তার, রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের ময়নাকুটি ও ওয়ার্ডের শেষ সীমান্তবর্তী এলাকায় ‘মেসার্স তাওহীদ ট্রেডার্স’ ওএমএস ডিলারের কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে বিক্রয়কেন্দ্র বন্ধ পাওয়া, রেজিস্টার ও মজুদের হিসাবে গরমিল এবং ভোক্তার নাম রেজিস্টারে লিপিবদ্ধ না করেই খাদ্যশস্য বিতরণের তথ্য পাওয়া গেছে।
ডিলার তাসলিমা আক্তারের নামে থাকা ওএমএস ডিলারশিপ, ফুড গ্রেইন লাইসেন্স ও ট্রেড লাইসেন্সের মেয়াদ গত জুন মাসে শেষ হয়েছে। সরেজমিনে এসব লাইসেন্সের কপি পর্যালোচনা করে তিনটিরই মেয়াদোত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া যায়। এরপরও তার নামে সরকারি বরাদ্দের চাল-আটা সরবরাহ হয়ে থাকলে, তা কীভাবে সম্ভব হয়েছে—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ওএমএস বিক্রয়কেন্দ্রটি বন্ধ,তখন সময় ২:১০ মিনিট ,ডিলারে ১৬ বস্তা চাল ও ১৩ বস্তা আটা মজুত। পরে স্টক রেজিস্টার পর্যালোচনা করে রেজিস্টারে লিপিবদ্ধ হিসাবের সঙ্গে মজুদের গরমিল পাওয়া যায়।
এ বিষয়ে ডিলার তাসলিমা আক্তার জানান, কয়েকজনকে চাল ও আটা দেওয়া হলেও তাদের নাম রেজিস্টারে তোলা হয়নি। ওএমএসের নিয়ম অনুযায়ী ভোক্তার নাম রেজিস্টারে লিপিবদ্ধ এবং টিপসই নেওয়ার পর খাদ্যশস্য বিতরণের কথা উল্লেখ করলে তিনি বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলেও জানান তিনি।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাধারণ ভোক্তাদের জন্য বরাদ্দ চাল ও আটা খুচরা বিক্রেতা ও হোটেল ব্যবসায়ীদের কাছে বস্তায় বস্তায় বিক্রি করা হচ্ছে। এতে প্রকৃত ভোক্তারা ওএমএসের পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ তাদের।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাসলিমা আক্তার আর কোনো বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন এবং ক্যামেরা চালু করতে বাধা দেন। পরে তিনি তার স্বামীকে ফোনে যুক্ত করেন। তার স্বামী বিষয়টি এবারের মতো ছেড়ে দেওয়ার অনুরোধ করে বলেন, নারী হিসেবে তাসলিমার পক্ষে ব্যবসার সব দিক সামাল দেওয়া কঠিন। তাসলিমার নামে লাইসেন্স কেনও করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, নিজের নামে লাইসেন্স করার সিদ্ধান্ত তাসলিমারই ছিল।
সবকিছু ঠিক আছে দাবি করে তিনি বিষয়টি আর না বাড়ানোর অনুরোধ জানান। একপর্যায়ে তিনি বলেন, ‘কিছু একটা করে দিচ্ছি, আপনারা নিউজ করবেন না।
এ বিষয়ে রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ আজিজের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স থাকলে কোনো ডিলার বরাদ্দকৃত চাল-আটা পাওয়ার কথা নয়। তবে, কোনও লাইসেন্সের মেয়াদ শেষ হলে তা নবায়ন বা কার্যকর করার জন্য ১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। সাধারণত ট্রেড লাইসেন্সের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, ওএমএস, ফুড গ্রেইন ও ট্রেড লাইসেন্স—তিনটিরই মেয়াদ শেষ হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিক্রয় কেন্দ্র বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই বিক্রয় কেন্দ্র বন্ধ করার সুযোগ নেই। শুধু বরাদ্দকৃত খাদ্যশস্য শেষ হয়ে গেলে বিক্রয় কার্যক্রম বন্ধ করা যেতে পারে।
রেজিস্টার সংরক্ষণের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, রেজিস্টারে ভোক্তার তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ না করে খাদ্যশস্য বিতরণের কোনও সুযোগ নেই। ওএমএসের খাদ্যশস্য শুধুমাত্র সাধারণ ভোক্তাদের মধ্যে নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কোনও খুচরা দোকানদার, হোটেল ব্যবসায়ী বা এ ধরনের ব্যক্তির কাছে বস্তা হিসেবে বিক্রির কোনো নির্দেশনা নেই। তিনি এও বলেন, যদি তদন্তে এ ধরনের অনিয়মের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করা হবে।
কমেন্ট বক্স