০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে: বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ২৪-০৮-২০২৬
উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে: বিভাগীয় কমিশনার সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরগুলোর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সফটওয়্যার ও ডাটাবেজভিত্তিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। 

সোমবার (২৪ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, “আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।” 

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৯৮ দশমিক ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাম প্রতিরোধে রুটিন ইপিআই কার্যক্রমের পাশাপাশি প্রাদুর্ভাবপ্রবণ এলাকায় মপ-আপ ভ্যাকসিনেশন চলছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, আমন মৌসুমে বীজের কোনো সংকট হয়নি। ভার্মি কম্পোস্ট ও জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং শিল্পকারখানার বর্জ্য মহাসড়কে ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলায় ২১ হাজার ৮৪টি, নেত্রকোনায় ১৩ হাজার ৮৫টি, জামালপুরে ৩ হাজার ৩১১টি এবং শেরপুরে ৭ হাজার ৪৮০টি পানির উৎস স্থাপন করা হয়েছে। 

মৎস্য অধিদপ্তর জানায়, জুন-জুলাইয়ে ভেজাল মৎস্য খাবার ও নিষিদ্ধ মাছ রোধে ২০টি খাদ্য ও পোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। সভায় টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোড ম্যানেজমেন্ট সমন্বয়সহ বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ