১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বড়লেখায় মঈন উদ্দিনের ওপর হামলা ও নগদ ২ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের লিখিত অভিযোগ

আপলোড সময় : ২৯-০৮-২০২৬
বড়লেখায় মঈন উদ্দিনের ওপর হামলা ও নগদ ২ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের লিখিত অভিযোগ সংগৃহীত

গোলাম কিবরিয়া, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারতল দক্ষিণ গান্ধাই এলাকায় মঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং তার কাছ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বোবারতল দক্ষিণ গান্ধাই এলাকার জয়নাল আবেদীনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ভাই সেলিম উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সেলিম উদ্দিন মুড়াগঞ্জ বাজারে অবস্থানকালে নগদ ২ লাখ ১০ হাজার টাকা তার ছোট ভাই মঈন উদ্দিনের হাতে দেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে বোবারতল দক্ষিণ গান্ধাই এলাকার রাস্তার ওপর পূর্ববিরোধের জের ধরে অভিযুক্ত জয়নাল আবেদীন ও তার সহযোগীরা মঈন উদ্দিনের পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জয়নাল আবেদীন হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মঈন উদ্দিনের বুকে আঘাত করেন। এ সময় অন্য অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। একপর্যায়ে জয়নাল আবেদীন মঈন উদ্দিনের প্যান্টের পকেট থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

পরে মঈন উদ্দিনের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে মঈন উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে ঘরে তালা ঝুলতে দেখা যায়। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বড়লেখা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ