১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

​কেশবপুরে সমাধানের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

২৪০ জন রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৫৫ জনের অপারেশনের ব্যবস্থা

আপলোড সময় : ৩০-০৮-২০২৬
২৪০ জন রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৫৫ জনের অপারেশনের ব্যবস্থা ​কেশবপুরে সমাধানের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

বিল্লাল হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. বৃন্দা সাহা ও তাঁর সহযোগী চিকিৎসক দল।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। প্রাথমিকভাবে চোখ পরীক্ষার পর অপারেশনের জন্য ছানি রোগীদের শনাক্ত করা হয় এবং অন্যান্য রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে মোট ২৪০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়। এর মধ্যে ১১১ জন ছানি রোগী ও ৪ জন অন্যান্য বিশেষ রোগী শনাক্ত করা হয়। বাছাইকৃত রোগীদের মধ্যে ৫৫ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য সমাধানের নিজস্ব পরিবহনে খুলনার শিরোমণি বাদামতলা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশিষ্ট বাছাইকৃত রোগীদের আগামী ৮ সেপ্টেম্বর চোখের অপারেশনের জন্য ওই হাসপাতালে নেওয়া হবে। অপারেশন শেষে তাদের পুনরায় গাড়িযোগে কেশবপুরে পৌঁছে দেওয়া হবে।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মো. শাহনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মো. শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মুনছুর আলী,আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান,সহকারী শাখা ব্যবস্থাপক বিল্লাল হোসেন 
সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা কার্যক্রম দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান আয়োজকরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ