বিদ্যুৎ সংকট জাতীয় সমস্যা: অস্থিতিশীল রাজনীতি না করার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
রোববার দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর
এম এ বাশার, পটুয়াখালী : দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে একটি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে এ বিষয়টিকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে কিছুটা সংকট রয়েছে। তবে এটি বর্তমান সরকারের তৈরি করা কোনো সমস্যা নয়। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ভুল পথে আন্দোলন-সংগ্রাম করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী এই সময়ে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। নীতিগত বিষয়ে গঠনমূলক আলোচনা ও সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি স্পষ্ট করেন, দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জবাবদিহিতা প্রসঙ্গে নুরুল হক নুর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের কাজ চলছে। দুর্নীতি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
আগামী পাঁচ বছরে দেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব না হলেও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে দেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নেওয়া সম্ভব। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
কমেন্ট বক্স