চট্টগ্রামের পতেঙ্গায় প্রকল্প এলাকায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার, ৩০ আগস্ট।
ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ চট্টগ্রামকে প্রযুক্তিনির্ভর লজিস্টিক হাবে পরিণত করার পথে আরও একধাপ এগিয়ে দেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘লালদিয়া টার্মিনাল নির্মাণে এপিএম টার্মিনালসের বিনিয়োগ চট্টগ্রামকে লজিস্টিক হাবে পরিণত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দিল। ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হওয়ার ক্ষেত্রেও এটি একটি মাইলফলক।’
রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রামের পতেঙ্গায় প্রকল্প এলাকায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম যৌথভাবে টার্মিনালটির আনুষ্ঠানিক নির্মাণকাজ উদ্বোধন করেন।
লালদিয়া টার্মিনাল নির্মাণে বিশ্বখ্যাত ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ৫৫ কোটি ডলার বিনিয়োগ করবে।
অর্থমন্ত্রী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নির্বাচিত সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব সরকার। আমাদের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক কর্মসূচি রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা ক্রমান্বয়ে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার চেষ্টা করছি।’
ডেনমার্কের বিনিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, এপিএম টার্মিনালস বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন বন্দরে টার্মিনাল পরিচালনা করছে। প্রাথমিকভাবে লালদিয়া প্রকল্পে প্রতিষ্ঠানটি ৫৫০ মিলিয়ন (৫৫ কোটি) ডলার বিনিয়োগ করবে এবং পর্যায়ক্রমে এ বিনিয়োগ আরও বাড়তে পারে।
অর্থমন্ত্রী বলেন, ‘এপিএম মুলারের বাংলাদেশে আসাটা একটি মাইলফলক। তারা লালদিয়ায় আধুনিক বন্দর নির্মাণ করবে। এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।’
তিনি আরও বলেন, এপিএম টার্মিনালসের বাংলাদেশে বিনিয়োগ এবং লালদিয়ায় আধুনিক বন্দর নির্মাণ দেশের অর্থনীতি ও বন্দর খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লালদিয়া টার্মিনাল নির্মাণের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ, প্রযুক্তি ও আধুনিক টার্মিনাল পরিচালনার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।
তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পে প্রতি বছর প্রায় ৮ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে।